২০২৪ সালের ২৬ জুলাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম উত্তাল একটি দিন। ওইদিন আন্দোলনের তিন শীর্ষ সমন্বয়ক—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
আটকের সময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকেই তাদের জোর করে তুলে নেওয়া হয়। একই সময়ে আটক করা হয় আবু বাকের মজুমদারকেও। শুরুতে বিষয়টি নিয়ে নীরব থাকলেও কয়েক ঘণ্টা পর তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ওইদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলেও রাজপথে ছিল ভয় ও অনিশ্চয়তা। অন্যদিকে, আন্দোলনে জড়িত সন্দেহে সারাদেশে 'ব্লক রেইড' শুরু করে পুলিশ। শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ছয় হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়।
একই দিনে সরকারের দমন অভিযান বন্ধ ও ইন্টারনেট সেবা পুনরায় চালুর আহ্বান জানিয়ে বিবৃতি দেয় জাতিসংঘ। গুলি, গুম, গ্রেপ্তার—সবকিছু একসঙ্গে নেমে এসেছিল রাজপথে। তৎকালীন সরকার আন্দোলনের আগুন নিভিয়ে দিতে চাইলেও প্রতিটি দমন-পীড়নের বিপরীতে আরও জোরালো হয়ে ওঠে মানুষের প্রতিবাদের কণ্ঠ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!