উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কনসার্টে বোতল নিক্ষেপের ঘটনায় মুখ খুললেন হাসান

কনসার্টে বোতল নিক্ষেপের ঘটনায় মুখ খুললেন হাসান
লেখা বড়/ছোট করুন:

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশনকালে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। মঞ্চে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছোড়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শোবিজ অঙ্গনের অনেকেই এ ঘটনার প্রতিবাদ জানান।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার পর নিজের ফেসবুক পোস্টে ঘটনাটি নিয়ে মুখ খোলেন সংগীতশিল্পী হাসান। তিনি জানান, দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনো হননি।

হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনও দেখিনি বা ভাবিনি।’

তবে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

ভবিষ্যতে দেশের কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন, এমন অনুরোধও জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনও শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বান জানিয়ে হাসান আরও বলেন, ‘একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।’


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!