কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন সরদার (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সুমন সরদার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন সরদার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন। সেখানে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খেলা দেখে বাড়িতে ফিরতে দেরি হলে স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!