বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে এবং এ সময়ে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যা বা ক্রসফায়ার ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গত আট মাসে হেফাজতে মৃত্যু বা গুমের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (২৮ অক্টোবর) সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। খবর দ্য ডেইলি স্টার ও টিবিএস নিউজের।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এই সরকারের মেয়াদ আট মাস পার হলো। কোনো ক্রসফায়ার, কাস্টডিয়াল ডেথ হয়েছে? গুমের শিকার হয়েছে কেউ? হয়নি। একটা অভিযোগ আছে, আমরা তদন্ত করছি তা নিয়ে।" তিনি জানান, অভিযোগটি তদন্তের জন্য মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে, তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।
এর আগে আইজিপি মো. আলী হোসেন ফকিরের 'ক্রসফায়ার' সংক্রান্ত বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোরতা বোঝাতে গিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেন, "ওখানে সে বলে নাই যে ক্রসফায়ারের নির্দেশনা উনি পেয়েছেন বা উনি নিজে করতে চান। তারপরও আমি বলেছি, এই জাতীয় শব্দচয়ন করা তার সঠিক হয়নি।"
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!