পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে নিখোঁজের এক দিন পর কুদ্দুস আলী শেখ (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মাসিমপুর উত্তরপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কুদ্দুস আলী ওই গ্রামের মৃত সুরত আলী শেখের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে কুদ্দুস আলী তার বন্ধুদের সঙ্গে একটি ভুট্টা ক্ষেতে জুয়া খেলছিলেন। সে সময় পুলিশের অভিযানের খবর পেয়ে আসর থেকে সবাই দৌঁড়ে পালিয়ে যান। এরপর থেকেই কুদ্দুস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, কুদ্দুসের শরীরের কয়েকটি স্থানে পোড়া ক্ষত রয়েছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (এসআই) ফাহাদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!