উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করতে এনবিআরের নির্দেশ

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করতে এনবিআরের নির্দেশ
লেখা বড়/ছোট করুন:

সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে সরকার ঘোষিত শুল্ক-কর সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ের সব কাস্টমস হাউস ও এলসি স্টেশনকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে সোলার প্যানেল ও ইনভার্টারের এইচএস কোড নিয়ে কোনো বিভ্রান্তি থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আমদানিকারকদের সুবিধা দিতে বলেছে সংস্থাটি।

সোমবার (১৭ আগস্ট) এনবিআরের রাজস্ব ভবন থেকে জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক-কর ছাড় দেয়া হলেও বিভিন্ন কাস্টমস হাউস ও এলসি স্টেশনে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও জটিলতার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এনবিআরের নজরে আসার পর এসব জটিলতা দূর করতে স্পষ্টীকরণ দেয়া হয়েছে।

এনবিআর জানিয়েছে, সোলার ফটোভোলটাইক মডিউল বা প্যানেলের এইচএস কোড ৮৫৪১.৪৩.০০। পণ্যটি মূলধনী যন্ত্রপাতি এবং নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ—উভয় প্রজ্ঞাপনের আওতায় অন্তর্ভুক্ত। ফলে কোনো আমদানিকারক একই বিল অব এন্ট্রিতে একাধিক পণ্য ঘোষণা করলে সোলার প্যানেলের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি প্রজ্ঞাপনের সুবিধা এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের সুবিধা পাবেন। শুধু এইচএস কোডের পার্থক্যের কারণে কাউকে সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

সোলার ইনভার্টার আমদানিতেও এইচএস কোডের জটিলতা দূর করেছে এনবিআর। পরিপত্রে বলা হয়েছে, গত ৮ জুন সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের টেবিল-১-এ সোলার ইনভার্টারের বিপরীতে অনিচ্ছাকৃতভাবে ৮৫০৪.৪০.৪০-এর পরিবর্তে ৮৫০৪.৪০.৯০ এইচএস কোড উল্লেখ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে পণ্যের বর্ণনাই প্রাধান্য পাবে। অর্থাৎ, শর্ত পূরণ করলে শুধু এইচএস কোডের পার্থক্যের কারণে সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

এছাড়া কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজস্ব ব্যবহারের জন্য সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রয়োজনীয় পণ্য আমদানিতে মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি দিয়ে পণ্য খালাস করা যাবে। বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে ১ শতাংশ কাস্টমস ডিউটির পাশাপাশি ৭.৫ শতাংশ আগাম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর দিতে হবে, যা পরবর্তীতে সমন্বয়যোগ্য।

এনবিআর মাঠপর্যায়ের কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছে, আমদানিকারকদের পণ্য খালাসে যেন অযথা জটিলতা বা দীর্ঘসূত্রতা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে। কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!