উৎসবের রঙে সাজছে...
জাতীয়

পাবনার আটঘরিয়ায় মানববন্ধনে গুলি, আহত ১

পাবনার আটঘরিয়ায় মানববন্ধনে গুলি, আহত ১
লেখা বড়/ছোট করুন:

পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুরে এক মানববন্ধনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কদিমবগদী গ্রামের ইকরাম মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) উপজেলার একদন্ত শিবপুর এলাকায় ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ফেসবুকে একটি পোস্টের পরিপ্রেক্ষিতে মাদ্রাসার দুই শিক্ষক মো. শামছুল আলম ও আফরোজা খাতুনকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেন আলাউদ্দিন, টিপু, রাহিমুন ও নূরুন নবীসহ কয়েকজন। এর প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

আয়োজকদের অভিযোগ, মানববন্ধন চলাকালে ৮ থেকে ১০ জনের একটি দল এসে ব্যানার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে পরপর দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি ফাঁকা গুলি ছিল এবং অন্যটি ইকরাম মোল্লার শরীরে লাগে।

মানববন্ধনে বক্তব্য দেওয়া মো. শামসুল আলম জানান, গুরুবাসী গ্রামের ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাসের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল ঘটনাস্থলে এসে প্রথমে মানববন্ধনের ব্যানার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে ইকরাম মোল্লাকে লক্ষ্য করে গুলি করা হয়।

ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলির খোসা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!