পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিউ গ্রিন লাইন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩); চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০); মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭); শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামছিল। এ সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফুটেজে দেখা যায়, নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি প্রথমে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি ঘুরে গিয়ে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে এবং একপর্যায়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!