প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহিদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহিদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার। যে অপূরণীয় ক্ষতি আপনাদের হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।'
তিনি বলেন, 'আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এমন কিছু মানুষকে স্মরণ করছি, যাদের আজ আমাদের মাঝে থাকার কথা ছিল। তাদের এই মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।'
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতাত্তোর গণতান্ত্রিক সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীদের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, 'এই সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর। হয়তো বিভিন্ন বাস্তবতার কারণে সবকিছু দ্রুত সম্ভব হয় না, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।'
সংগ্রামীদের আত্মত্যাগকে সরকারের কাজের মূল প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, 'আপনারাই আমাদের শক্তি ও উদ্দীপনার মূল উৎস।' তিনি শহিদ পরিবারের সদস্যদের সহযোগিতা কামনা করে বলেন, 'যাতে আমরা শহিদসহ সব আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধাদের প্রত্যাশা পূরণে কাজ করতে পারি।'
অনুষ্ঠানে গুম-খুনের শিকার ও জুলাই অভ্যুত্থানের শহিদ-আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!