উৎসবের রঙে সাজছে...
জাতীয়

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ
লেখা বড়/ছোট করুন:

সাংবিধানিক নিয়ম রক্ষায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। ১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হয়েছিল।

রাষ্ট্রপতি নির্বাচনে আজ বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের মধ্যে ভোটের লড়াই হবে। সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল জয়ী হবেন—এটা প্রায় নিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী তাকে ভোটের লড়াইয়ে যেতে হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য আজকের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় আসনটি শূন্য রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুতি শেষ করেছে। ভোট ও গণনা শেষে আজই নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট আজ বেলা ১১টায় সংসদ ভবনে বৈঠক ডেকেছে, যেখানে ভোটদান পদ্ধতি সম্পর্কে এমপিদের অবহিত করা হবে। বিরোধী দলের সদস্য সংখ্যা ৯০ জন।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। ৬ আগস্ট তফসিল ঘোষণার পর ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল করেন দুই প্রার্থী। ১৬ আগস্ট যাচাই-বাছাইয়ে উভয়ের মনোনয়ন বৈধ ঘোষিত হয়।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!