র্যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এই অনুমোদন দেয়া হয়।
নতুন আইনের খসড়া অনুযায়ী, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট, যার নিজস্ব লোগো, পতাকা ও পোশাক থাকবে। সরকার প্রয়োজনীয়তার নিরিখে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকে নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীকে পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিট গঠন করবে।
আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে—বিদ্যমান র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা। পাশাপাশি নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এছাড়া র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান র্যাব সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!