রংপুর নগরের তাজহাট আনসারির মোড় এলাকায় একটি রিকশার গ্যারেজ থেকে আবদুর রহমান নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গ্যারেজের শাটারের তালা কেটে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুর রহমান ওই গ্যারেজের মালিক ছিলেন এবং সেখানেই থাকতেন। তার মাথার পেছনে চারটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, শক্ত কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, আবদুর রহমান গ্যারেজে থেকে রিকশাগুলোর দেখাশোনা করতেন। প্রায় দুই বছর আগে তার এক স্ত্রী মারা যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার পাঁচ স্ত্রী ছিলেন। প্রথম দুই স্ত্রীর চার সন্তান রয়েছেন, যারা আলাদা থাকেন। পরে তিনি আরও তিনটি বিয়ে করেন। এসব বিষয় নিয়ে পারিবারিক বিরোধ ছিল বলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন।
নিহতের ছেলে মোহাম্মদ রুবেল বলেন, ‘কাকে সন্দেহ করব, তা বুঝতে পারছি না। আমরা মামলা করব।’ গ্যারেজসংলগ্ন বাসিন্দা হিরু মিয়া জানান, রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় তিনি গ্যারেজের শাটার নামানো অবস্থায় দেখেছিলেন। রাতে কোনো অস্বাভাবিক শব্দও শোনেননি। সকালে চিৎকার শুনে বাইরে এসে লোকজনের ভিড় দেখতে পান। পরে শাটারের ফাক দিয়ে ভেতরে আবদুর রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ পরীক্ষা করে মাথার পেছনে চারটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শক্ত লোহার কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!