রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন (৪৫) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তার ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। গতরাতে তিনি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন। পরে রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। আশা করছি, শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!