নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার নবাবপুর এলাকায় সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের ওপর নৃশংস হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা তাকে মারধর করেছেন এবং তার পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ওয়ারী থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন—মেহেদী হাসান বাঁধন ও রাব্বি ভূঁইয়া।
ভুক্তভোগী সাংবাদিক হাবিবুর রহমান হাবিব জানান, কাজের লোকের বেতন সংক্রান্ত একটি বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে অভিযুক্তরা তার ওপর চড়াও হন। তারা তাকে শারীরিকভাবে মারধর করেন এবং তার কাছে থাকা নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল নিয়ে নেন। এ সময় তিনি নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করলেও হামলাকারীরা ক্ষান্ত হয়নি। পরে স্থানীয়দের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত মেহেদী হাসান বাঁধন ও রাব্বি ভূঁইয়া দীর্ঘ সময় ধরে নানা অপকর্মে লিপ্ত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে যে, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তারা স্বেচ্ছাসেবক দলের নাম ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এছাড়া তারা স্থানীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও ইশরাক হোসেনের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকিরের অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মেহেদী হাসান বাঁধন ও রাব্বি ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই ন্যক্কারজনক হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!