উৎসবের রঙে সাজছে...
জাতীয়

শাহজালালের থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ, তবু ব্যয় বাড়ছে ৯০২ কোটি টাকা

শাহজালালের থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ, তবু ব্যয় বাড়ছে ৯০২ কোটি টাকা
লেখা বড়/ছোট করুন:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রায় শতভাগ কাজ শেষ হওয়ার পরও এর ব্যয় আরও ৯০২ কোটি টাকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।

২০১৭ সালে ১৩ হাজার ৬১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদিত হয়েছিল। বাস্তবায়নের সময়সীমা ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রথম সংশোধনীতে মেয়াদ তিন বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন করা হয়। দ্বিতীয় দফায় আরও এক বছর বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। এখন আবারও এক বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রকল্পের নথি অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত কাজের বাস্তব অগ্রগতি ৯৯.৯১ শতাংশ। বাকি আছে ১ শতাংশেরও কম কাজ। অথচ এই কাজ শেষ করতে নতুন করে সময় ও অর্থ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রকল্পটির তৃতীয় সংশোধনী প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রস্তাবে ব্যয় আরও ৯০২ কোটি টাকা বাড়িয়ে ২২ হাজার ২৬৭ কোটি ৬৭ লাখ টাকা করার কথা বলা হয়েছে। মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় অতিরিক্ত ব্যয় দাঁড়াচ্ছে ৮ হাজার ৬৫৭ কোটি ১৯ লাখ টাকা। আর ছয় বছরের প্রকল্পের মেয়াদ গড়াচ্ছে প্রায় ১১ বছরে।

টার্মিনাল চালু নিয়েও তৈরি হয়েছে দীর্ঘসূত্রতা। ২০২৩ সালের ৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী তৃতীয় টার্মিনালের ‘সফট ওপেনিং’ করেছিলেন। তখন বলা হয়েছিল, পর্যায়ক্রমে টার্মিনালের কার্যক্রম শুরু হবে। কিন্তু প্রায় তিন বছর পার হতে চললেও টার্মিনালের পূর্ণাঙ্গ অপারেশন শুরু করা যায়নি। এখন নতুন করে চলতি বছরের আগামী ১৬ ডিসেম্বর আবারও ‘সফট ওপেনিং’ করার কথা বলা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!