দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের মূল্য প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৯ টাকায় বিক্রি হবে। একইসঙ্গে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৮০ টাকা।
এর আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হচ্ছিল ১৭৬ টাকায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উভয় ক্ষেত্রেই লিটারে ৪ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে পণ্যের দাম বাড়ছে, যার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। তিনি আশা প্রকাশ করেন, ভোক্তারা আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি বুঝবেন এবং বাজারে সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, মূল্য বৃদ্ধি ভোক্তাদের জন্য চাপ তৈরি করে—তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও এর প্রভাব পড়বে। পাশাপাশি ভোজ্যতেলের বাজারে অনিয়ম রোধে মনিটরিং জোরদার করার কথাও জানান তিনি।
এদিকে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে মোস্তফা কামাল বলেন, নতুন দামে ব্যবসায়ীদের কিছুটা ক্ষতির মুখে পড়তে হতে পারে। তারপরও সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তা মেনে নেওয়া হয়েছে। তিনি ঈদের পর পুনরায় মূল্য সমন্বয়েরও আহ্বান জানান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!