চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩০ জুলাই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ।
সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ফল প্রকাশের জন্য অধীর অপেক্ষায় আছেন। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময় (২০ জুলাই) পেরিয়ে গেলেও এবার ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, তারা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলেন, যা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন নির্ধারণ করবে, সেদিন ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড যদি ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারে, তবে চলতি মাসেই ফল প্রকাশ সম্ভব। তিনি আরও বলেন, ২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়ার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, সচিবরা ব্যস্ত থাকবেন। অন্যদিকে, ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। এতে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। বিগত বছরগুলোর তুলনায় এবার এসএসসিতে বহিষ্কার ছিল খুবই কম।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!