সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবী রয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—সিলেট নগরের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের মেয়ে খোজাইফা (৪), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাউলশিল্পী পেহেলী ভৈরবী। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
পেহেলী ভৈরবী সিলেটে একটি বাউল গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!