উৎসবের রঙে সাজছে...
জাতীয়

টেকনাফে র‌্যাবের মাদকবিরোধী অভিযান: ৮৯ হাজার ৮০০ ইয়াবাসহ দুই শীর্ষ কারবারি গ্রেফতার

টেকনাফে র‌্যাবের মাদকবিরোধী অভিযান: ৮৯ হাজার ৮০০ ইয়াবাসহ দুই শীর্ষ কারবারি গ্রেফতার
লেখা বড়/ছোট করুন:
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। পৃথক অভিযানে তাদের কাছ থেকে ৮৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪ জুন রাত সাড়ে ১১টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে, টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহেশখালীয়া পাড়া নৌকা ঘাট এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাব সদস্যরা ৫ জুন রাত ১২টা ৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় হোসন আহামদ (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হলেও মো. শামসুল আলম (৪৫) পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ৮৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসন আহামদ জানান, তিনি ও শামসুল আলম দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালীয়া পাড়া এলাকা থেকে পলাতক শামসুল আলমকেও গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃতরা টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে তাদের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!