উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ২ লক্ষাধিক ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ৬ কোটি টাকা
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পরিচালিত
বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৬ কোটি ৩ হাজার
৬০০ টাকা মূল্যের ২,০০,০১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত
১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে
উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল
সীমান্তবর্তী ইছাকের ঘের এলাকায় অবস্থান নেয়।
রাত ১২টা ২০ মিনিটের দিকে থার্মাল ডিভাইসের
মাধ্যমে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার
থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখা যায়।
এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে
চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে
দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা
করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি দুই
রাউন্ড প্রাণঘাতী নয় এমন (নন-লেথাল) গুলি
ছোড়ে। এতে চোরাকারবারীরা তাদের বহনকৃত
তিনটি পলিথিনের পোটলা ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো
খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের
বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত ২,০০,০১২ পিস
ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার
বাজারমূল্য আনুমানিক ৬,০০,০৩,৬০০ টাকা বলে
জানিয়েছে বিজিবি।
অভিযানের পর পালিয়ে যাওয়া মাদক কারবারিদের
গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান চালানো
হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে
যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে আইনের
আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো
হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায়
নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর
অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন
(৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত নিরাপত্তা,
মাদক দমন এবং চোরাচালান প্রতিরোধে
ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!