উখিয়ায় সাংসারিক অভাব-অনটনের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক
কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক অভাব-অনটন ও দীর্ঘদিনের কলহের জেরে পারভীন আক্তার (২৮) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আবদুল আলমের (৩২) বিরুদ্ধে। ঘটনার পর আহত স্ত্রীকে হাসপাতালে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলিরবিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পারভীন আক্তার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার আবদুল গফুরের মেয়ে। অভিযুক্ত আবদুল আলম পাগলিরবিল এলাকার শামসুল আলমের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
নিহতের ছোট বোন ইয়াসমিন আক্তার জানান, গভীর রাতে বাড়ি ফিরে আবদুল আলম ঘুমিয়ে পড়েন। সকালে খাবার খাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবদুল আলম পারভীনকে মারধর করেন। পরে পারভীন বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে পেছন থেকে তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় পারভীনকে কাঁধে করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে।
নিহতের ভাই সৌদি প্রবাসী কামাল উদ্দিন জানান, দম্পতির সংসারে তিন সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আর্থিক সংকট ও পারিবারিক অশান্তি চলছিল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, পারিবারিক আর্থিক সংকটকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত স্বামী এবং তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!