উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মত হননি প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মত হননি প্রধানমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু সেই প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন পরিচালিত একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠায়। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন করেননি। সূত্রটি আরও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নাম পরিবর্তনের ধারার বিপরীতে এটি একটি দৃষ্টান্তমূলক অনুশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, যদি নতুন নামকরণ করতে হয়, তাহলে সেজন্য নতুন প্রতিষ্ঠান গড়তে হবে।

প্রসঙ্গত, এর আগে মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তাবও অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত দিয়েছেন প্রধানমন্ত্রী।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!