বরিশালের আগৈলঝাড়ায় চুরি মামলায় গ্রেপ্তার এক যুবকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানা ঘেরাও করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও স্থানীয়সহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আগৈলঝাড়া থানায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় রিয়াজ ফকির (২৬) নামে এক যুবককে চুরি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাকে থানা হাজতে রাখা হয়। পুলিশের দাবি, মধ্যরাতে রিয়াজ নিজের মাথা হাজতের লোহার দরজায় আঘাত করে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় প্রথমে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।
এদিকে, বিকেলে রিয়াজের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়রা মিছিল সহকারে থানায় জড়ো হয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাল্টা হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়।
আহতদের স্থানীয় ও শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!