উৎসবের রঙে সাজছে...
জাতীয়

আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিবাহ বিচ্ছেদ

আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিবাহ বিচ্ছেদ
লেখা বড়/ছোট করুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন।

শনিবার (২৭ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা তার স্বামী মনোরোগ বিশেষজ্ঞ ডা. কুশালের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানান।

ফেসবুক পোস্টে কুশালকে ট্যাগ করে সুষমা রেজা লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে, দীর্ঘ আত্মসমালোচনার পর আমরা দুজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আজ আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কথাই আপনাদের জানাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘এতোদিন ধরে যারা আমাদের ভালোবেসেছেন, আমাদের পথচলার সঙ্গী হয়েছেন, তাদের অনেকের কাছেই এই সংবাদটি কষ্ট, বিস্ময় কিংবা নানা প্রশ্নের জন্ম দিতে পারে- সেটা আমরা বুঝি। সেই ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান রেখেই আমরা চেয়েছি, খবরটি অন্য কোথাও থেকে না, আমাদের দুজনের কাছ থেকেই আপনারা শুনুন।’

জীবনের এই নতুন অধ্যায়ে সবার দোয়া কামনা করেছেন এই চিকিৎসক দম্পতি।

প্রায় দুই দশক আগে অল্প বয়সে তাদের পথচলা শুরু হয়েছিল উল্লেখ করে ডা. সুষমা রেজা বলেন, ‘দেখতে দেখতে প্রায় দুই দশক কেটে গেছে। এই দীর্ঘ সময়ে আমরা একটি পরিবার গড়েছি, আমাদের সন্তানদের বড় হতে দেখেছি আর জীবনের অসংখ্য সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম ও স্মৃতি একসঙ্গে বয়ে নিয়ে চলেছি।’

সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা দুজনই উপলব্ধি করেছি, আমাদের সম্পর্ক সেই জায়গাটিতে নেই যেখান থেকে আমরা শুরু করেছিলাম। সময়ের সাথে সাথে আমরা বদলেছি, সম্পর্কটাও বদলেছে। একটা সময় পরিবর্তনগুলো দেখে আমরা বুঝতে পেরেছি, জীবনের এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই আমাদের দুজনের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।’

ডা. সুষমা আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি যেকোনো সম্পর্কের মতোই আমাদের সম্পর্কেও ছিল আনন্দ, ছিল সংগ্রাম, ছিল সীমাবদ্ধতা, আবার ছিল অসংখ্য আশীর্বাদও।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যে মুহূর্তগুলো শেয়ার করেছেন, সেগুলো সম্পর্কের নিখুঁত ছবি তুলে ধরার চেষ্টা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘ওগুলো ছিল আমাদের জীবনের সত্যিকারের কিছু মুহূর্ত, যেগুলো আমরা আন্তরিকভাবে বেঁচেছি, ভালোবেসেছি এবং আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি।’

প্রায় ২০ বছরের এই অধ্যায়ের সমাপ্তি টানছি আমরা পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং এক ধরনের শান্ত গ্রহণযোগ্যতা নিয়ে।

তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন, ‘আমাদের জীবনের এই সময়টুকুকে অনুগ্রহ করে অনুমান, গুজব কিংবা বিচার-বিশ্লেষণের বিষয় করে তুলবেন না।’

উল্লেখ্য, ডা. সুষমা রেজা এবং ডা. কুশাল মানসিক স্বাস্থ্য ও সঠিক লাইফ স্টাইলের বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এছাড়া তারা দুজনে মিলে ‘লাইফ স্পিং’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কাজ পরিচালনা করতেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!