উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বাঘায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, এমপির পরিদর্শন

বাঘায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, এমপির পরিদর্শন
লেখা বড়/ছোট করুন:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌরসভা বাজারের বড়াল নদের পূর্বপাশে ব্রিজসংলগ্ন কার্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে আগুন পাশের কোনো দোকানে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনেন। বাজারের পাহারাদার বুলবুল হোসেন জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে এসে বিএনপি কার্যালয়ের সামনে লোকজনের ভিড় দেখতে পান এবং আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র দেখতে পান।

আড়ানী তালতলা বাজারের ঝালমুড়ি বিক্রেতা আক্তার হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে ব্রিজের দিক থেকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বিএনপি কার্যালয়ে আগুন জ্বলছে। এ সময় পেট্রলের গন্ধও পাওয়া যায়।’ তিনি জানান, রকি আহমেদ, জিনারুল ইসলাম, জয়নাল আবেদীন ও পলাশ হোসেনসহ স্থানীয় অনেকেই আগুন নেভানোর কাজে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা রকি আহমেদ বলেন, ঘটনার পরপরই বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিদ্যুৎ বিভাগ এবং আড়ানী পৌর বিএনপির সভাপতিকে বিষয়টি জানানো হয়। পরে তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রাতে কার্যালয়ে গিয়ে তিনি দেখতে পান, দুটি দরজার মধ্যে একটি দরজা ও দুটি জানালা খোলা ছিল। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাঘা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন আলামত দেখা গেছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ চাঁদ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!