টানা চার দফা দাম কমানোর পর অবশেষে বাড়তি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম বাড়িয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে, যা বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১১ জুন বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা। যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৬ বার কমানো হয়েছে।
স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রূপার দামও। বাজুস জানিয়েছে, ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম রাখা হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!