কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় নিজ বাড়িতে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত মধ্যরাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সানজিদা আক্তার রেশমি স্থানীয় একটি মুদির দোকান থেকে নিয়মিত বাজার করতেন। বকেয়া খাতায় কেনাকাটার সুবাদে ওই দোকানের ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় ও পরবর্তীতে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিন (পেশকারপাড়ার বাসিন্দা) আরও চার-পাঁচজন নারীসহ সানজিদার টেকপাড়ার বাসায় চড়াও হন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে আকস্মিক ছুরিকাঘাত করে। এ সময় সানজিদা এবং তার পাশে থাকা ১২ বছর বয়সী ছেলে সাব্বির চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে হামলাকারী নারীদের আটকে রেখে পুলিশে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত ৩ নারীকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও আনুষ্ঠানিক এজাহার জমা না দেওয়ায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজারে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!