রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেল থেকে আল-আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আল-আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার ফেরদৌস উদ্দীনের ছেলে। তিনি সৌদি প্রবাসী বলে জানা গেছে।
গুলিস্তানের রমনা ভবনের হোটেল রমনা আবাসিকের বয় হানিফ জানান, শুক্রবার সকালে আল-আমিন হোটেলটির নবম তলায় একটি কক্ষ ভাড়া নেন। ওই সময় তার সঙ্গে এক তরুণী ছিলেন। সৌদি আরবে থাকাবস্থায় ওই তরুণীর সঙ্গে আল-আমিনের পরিচয় হয় বলে জানা গেছে।
আটক তরুণীর দাবি, হোটেলে ওঠার পর আল-আমিন ওয়াশরুমে যান। পরে হঠাৎ পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে তিনি দৌড়ে গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা এবং আল-আমিন মেঝেতে পড়ে আছে। একপর্যায়ে তার ডাক-চিৎকারে হোটেলের বয় হানিফসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে আসে। পরে দ্রুত আল-আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এক তরুণীকে আটক করেছে পুলিশ। তাকে পল্টন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!