বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বুধবার (২৪ জুন) বিকেলে গুরুতর আহত হন এবং পরে চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান।
বিস্ফোরণটি ঘটে বিকেল আনুমানিক সাড়ে ৩টায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) হাতুরানী বিওপির আওতাধীন এলাকায়। আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে একটি কলাবাগানে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
নিহত শফি আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী গ্রামের মো. হালু মিয়ার ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় এর আগেও একাধিকবার মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা সীমান্তবর্তী জনপদে আতঙ্কের সৃষ্টি করেছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!