নড়াইলে বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী 'জুলাই যোদ্ধাদের' মারধরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টায় নড়াইল সদর থানায় এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগটি দায়ের করেছেন নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা। অভিযোগে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান ১১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নড়াইলের বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক সৌরভ কর্মকার, সাবেক লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মিলন জমাদ্দার ও ঢাকা উত্তর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সজিবুল ইসলাম হৃদয়সহ কয়েকজন।
অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই মাসের শুরু থেকেই ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানোর জন্য ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের প্রলোভন দেখানো হয়েছে। অভিযোগকারী আমিরুল ইসলাম রানা অভিযোগ করে বলেন, "জুলাই মাস এলেই আওয়ামী লীপ পাগল হয়ে যায়। বিদেশে বা অজ্ঞাত স্থান থেকে তারা এ ধরনের হুমকি দিচ্ছে।"
অভিযুক্তদের মধ্যে আবদুল্লাহ আল জাবের লোটাস এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি অভিযোগে উল্লেখিত কাউকেই চিনি না, তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। আমি কেন টাকা খরচ করে তাদের ওপর হামলা করতে যাব?"
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, অভিযোগটি পেয়েছেন এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!