নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন শিক্ষককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর এলাকার আব্দুল হাদিসের ছেলে। তিনি ডহরগাঁও এলাকার মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতেন এবং সেখানেই শিশু-কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়াতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশুটি তার সহপাঠিদের সঙ্গে নিয়ে ইসানুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় ওজু শেখানোর নাম করে ইসানুর ওই শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ইসানুরকে আটক করে।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসামি আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!