পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে ওই কিশোরের মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পাকশী রেলওয়ে থানা পুলিশ।
নিহত নিরব বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকশী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!