উৎসবের রঙে সাজছে...
জাতীয়

পিরোজপুরে নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ১

পিরোজপুরে নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ১
লেখা বড়/ছোট করুন:

পিরোজপুরে নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায়।

এ ঘটনায় আব্দুল গনি শিকদার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল গনি শিকদার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল কুড়াতে যায়। সেখান থেকে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে তাকে নিজের ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়।

একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।

পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ভুক্তভোগীর মা জানান, বাসার কাছেই বলেশ্বর নদী। সে সেখানে ফুল কুড়াতে যায়। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে খবর পেয়ে সেখানে গেলে তাকেও মারধরের হুমকি দেওয়া হয়। তখন বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!