ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে এক কলেজছাত্রী নাসা টাওয়ার নামের একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার (১৮) নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলি মসজিদ রোডের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৬টার দিকে তিশা মেসের ছয়তলা ভবনের ছাদে উঠে নিচে লাফ দেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোরে এ ঘটনা ঘটায় অনেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে বা বলতে পারেননি।
এ ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম গণমাধ্যমকে জানান, পরীক্ষা সংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!