রাজধানীর আদাবর এলাকায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বিএনপির দুই নেতা কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আহত অপর নেতা সাদ্দাম হোসেন, যিনি একই ইউনিট বিএনপির সভাপতি, বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) রাতে ব্রাজিল ও জাপানের ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে আদাবরের নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় সাদ্দাম-বাদশা একপক্ষ এবং রিপন-পারভেজ অন্য পক্ষ হিসেবে জড়িত ছিল। এ নিয়ে বুধবার (১ জুলাই) সন্ধ্যায় দুই পক্ষ মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশ বৈঠকে বসে।
সালিশে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরশু দুই পক্ষ মারামারি করে। আজ নিজেরাই সালিশে বসছিল। সালিশ মনমতো না হওয়ায় প্রতিপক্ষ কুপিয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!