রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক চক্রের কথিত গডফাদার ইসমাইল হোসেন ওরফে ‘অটো সজল’কে (৩১) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সহযোগীকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, হেরোইন, মাদক তৈরির উপকরণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং মোছা. শামসুন্নাহার (৪৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২ মার্চ মাদক উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় ৩-৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের সময় ওয়ারী থানা পুলিশ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে। পরে গ্রেপ্তারকৃতরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী হিসেবে ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক চক্রের গডফাদার সজল ওরফে অটো সজলের কথা উঠে আসে।
এরপর থেকেই তাকে গ্রেপ্তারের লক্ষ্যে ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার একটি দল রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সজলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক মজুত রয়েছে। পরে ওই বাসায় অভিযান চালায় যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় সজলের আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে বাসা থেকে দুটি ‘টরাস’ ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা নগদ অর্থ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!