সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রাম থেকে সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তালা থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটার বাসিন্দা যাদব সরকার (৪৫), পাইকগাছার তুষার (৪৬) ও ভোলানাথ সানার শ্যালক সুশান্ত (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে পিলারটি মাটির নিচে বসানো ছিল। রাতে ওই পিলারটি সঠিক কি-না যাচাই-বাছাইয়ের জন্য একজন এক্সপার্ট আসবেন বলে একটি গোপন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে ওই রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করে থানা পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা হচ্ছে বলে রাতে খবর পেয়ে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদ শেষে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং যারা জড়িত নয় তাদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি আরও জানান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!