উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সুজানগরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগের হামলা, ওসিসহ আহত ২

সুজানগরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগের হামলা, ওসিসহ আহত ২
লেখা বড়/ছোট করুন:

পাবনার সুজানগর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ হামলায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ থাকায় ভোররাত পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল আমেজ বিরাজ করছিল। এ সুযোগে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল দুটি গাড়ি নিয়ে দোপপাড়া এলাকায় অভিযানে যায়।

পুলিশের দাবি, সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক নেতাকর্মী ও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

তবে পুলিশের এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে তিনি নিজেই এলাকায় যেতে পারেন না, সেখানে উপস্থিত থাকার প্রশ্নই আসে না। তিনি আরও জানান, রাতে খেলা দেখার পর স্থানীয় যুবকরা খিচুড়ি রান্না করে খাচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে ১০-১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুজন পুলিশ সদস্য আহত হন।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!