উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ট্রাফিক সার্জেন্টের সাহসিকতায় বিদেশি পিস্তলসহ দুষ্কৃতিকারী আটক

ট্রাফিক সার্জেন্টের সাহসিকতায় বিদেশি পিস্তলসহ দুষ্কৃতিকারী আটক
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর মিরপুরে ট্রাফিক সার্জেন্টের চৌকস ও সাহসী পদক্ষেপে বিদেশি পিস্তলসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্বরত ট্রাফিক মিরপুর বিভাগের সার্জেন্ট অনিরুদ্ধ রায় একটি বেপরোয়া গতির হলুদ রঙের স্পোর্টস কার থামানোর সংকেত দেন। চালক গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে অস্বীকৃতি জানায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট তল্লাশির জন্য চালক ও আরোহীকে গাড়ি থেকে নামতে বলেন। এ সময় চালক হঠাৎ দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।

সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিক ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন। এ সময় সংশ্লিষ্ট এলাকার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনি ও ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে আটক করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক সাজ্জাদ হোসেন আশিকের পিতা সাহাদাত হোসেন বাপ্পি এবং তার বাড়ি মিরপুর-০১ এর তুরাগ সিটিতে।

আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার, সেদিন রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ডিএমপির নৈশকালীন ডিউটি তদারকি করেন। তিনি সার্জেন্ট অনিরুদ্ধ রায়ের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ট্রাফিক সদস্যদের এ ধরনের দায়িত্বশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা সড়কে ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি ৬টি গরু ও ৮টি চোরাই ছাগলসহ ১টি ট্রাক ও ৩ জন চোর, ৯টি মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ ১৬ জন ছিনতাইকারী এবং ইয়াবা-গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, তারা সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!